কমিটি নিয়ে ছাত্রলীগের সংঘর্ষ সামান্য ঘটনা : হানিফ

অক্টোবরে দলের জাতীয় সম্মেলনের আগে সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে সম্মেলন করতে দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

তিনি বলেন, ‘ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংগঠনটির দুই গ্রুপের সংঘর্ষ সামান্য ঘটনা। মধুর ক্যান্টিনের মারামারির ঘটনা নিয়ে আমার মনে হয় যে, খুব বেশি উদ্বেগ প্রকাশ করার কিছু নেই। আমরা আশা করি, সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, তারা এটা ঠিক করতে পারবেন এবং তারা সবাই ঐক্যবদ্ধভাবে তাদের সংগঠনের কাজ করবেন।’

গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।