পণ্য খোলা বাজারের, মোড়ক ‘গাঁয়ের বধূ’

নওগাঁয় অনুমোদনবিহীন ‘গাঁয়ের বধূ’ নামে একটি ভুয়া কারখানা সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে কারখানার মালিক মোফাচ্ছেরা সিরাজ কাগজপত্র দেখাতে না পারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের হাট-নওগাঁ মহল্লায় দুবলহাটী রোডে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, শহরের হাট-নওগাঁ মহল্লায় মুরাদ হোসেন নামে এক ব্যক্তির বাসার নিচ তলা ভাড়া নিয়ে গত ৭ বছর থেকে ব্যবসা করে আসছেন মোফাচ্ছেরা সিরাজ। তবে তিনি কী মালামাল সরবরাহ করেন তা জানেন না বাসার মালিক।

সম্প্রতি এ কারখানায় ‘গাঁয়ের বধূ’ নাম দিয়ে আকর্ষণীয় মোড়কে চিনিগুড়া চাল নাম দিয়ে খোলা বাজার থেকে চাল কিনে সরবরাহ শুরু করেন।

এছাড়া ‘গাঁয়ের বধূ’ নাম দিয়ে খোলা বাজার থেকে চিপস ও পাঁপড় কিনে তা প্যাকেটজাত করে দিনাজপুর জেলা নামে স্টিকার লাগিয়ে বাজারজাত করেন। একই নামে মোড়কে সরিষার তেলও সরবরাহ করা হয়ে থাকেন। কারখানাটিতে মোমবাতি উৎপাদন করা হলেও বিস্ফোরক বা আগুন নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ছিল না। অনুমোদনহীন এ কারখানাটি অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশে দীর্ঘদিন থেকে গোপনে এভাবে কার্যক্রম চলছিল।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন এবং নাহারুল ইসলাম। অভিযানের সময় কারখানার মালিক মোফাচ্ছেরা সিরাজ কাগজপত্র দেখাতে না পারায় ১৫ হাজার টাকা জরিমানা এবং কারখানা সিলগালা করে দেওয়া হয়।