১৯৯০ এর দশকে বলিউড শাসন করেছিলেন ‘ধকধক গার্ল’-খ্যাত মাধুরী দীক্ষিত। আট থেকে আশি বয়সী সবাই তার হাসিতেই কাবু ছিলেন। আর সেই নায়িকার নাচের তুলনা পাওয়া ছিল ভার।
বলিউড হার্টথ্রব মাধুরী দীক্ষিতের জন্মদিন বুধবার। ৫১ বছরে পা দিলেন এই সুন্দরী মাধুরী।
জানা যায়, শুধু ভারতই নয়, মাধুরীর জাদুতে এক সময় কাবু ছিল পাকিস্তানও। বহুবার পাকিস্তানি সিনেমায় অভিনয়ের জন্য ডাকও পান ‘দিল তো পাগল হ্যায়’ নায়িকা। তবে বলিউডের রানি হয়েই ক্যারিয়ার জমাতে চেয়েছিলেন এই সুন্দরী।
এমনও গুঞ্জন আছে, কাশ্মীর নিয়ে দুই প্রতিবেশীর দেশের মধ্যে চলা রাজনৈতিক কুস্তিতে চুপিসারে ঢুকে পড়েন মাধুরী। ওই সময় নাকি পাকিস্তানে স্লোগান উঠেছিল “মাধুরী পাকিস্তানকে দিয়ে দাও, আমরা কাশ্মীর দিয়ে দেব!”
এ ছাড়া মাধুরীকে নিয়ে বহু গুঞ্জন ছড়িয়েছে বলিউডে। কখনো তার সঙ্গে সঞ্জয় দত্ত ও অনিল কাপুরের নাম জড়িয়ে, আবার কখনো ২২ লাখ রুপির ঘাগড়া পড়ে ‘দেবদাস’ ছবির গানে নেচে তাক লাগিয়ে দিয়েছেন।
বিয়ের পর সংসার-সন্তানের ব্যস্ততার কারণে বলিউডে খুব একটা নিয়মিত নন মাধুরী। সাম্প্রতিক সময়ে পরপর দুই সিনেমায় দেখা দিয়েছেন তিনি। এর মধ্যে কমেডি সিনেমা ‘টোটাল ধামাল’ হিট হয়েছে বক্স অফিসে। অন্যদিকে সাবেক প্রেমিক সঞ্জয় দত্তের সঙ্গে অভিনীত তারকাবহুল ‘কলঙ্ক’ ততটা ভালো করেনি। এ ছাড়া প্রযোজনায়ও নাম লিখিয়েছেন।