সহকর্মী ও কমান্ডারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন এয়ার ইন্ডিয়ার এক নারী পাইলট। বিষয়টি তদন্ত শুরু করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
এই সময় অনলাইন জানায়, দিল্লির দুই পাইলট ৫ মে একটি প্রশিক্ষণের জন্য হায়দরাবাদে গিয়েছিলেন। সেখানেই এই ঘটনা ঘটে।
এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে লিখিত অভিযোগে ওই নারী পাইলট লিখেছেন, “আমরা চিলির রেস্তোরাঁয় গিয়েছিলাম। সেখানেই এই কাণ্ড শুরু হয়। তিনি (কমান্ডার) বলতে থাকেন, তার বিবাহিত জীবন কতটা দুঃখের ও হতাশার। বিমানে অন্য মেয়েদের প্রতিও অশ্লীল মন্তব্য করেন তিনি।”
“আমি কিভাবে স্বামীর সঙ্গে সময় কাটাই জানতে চান। তার প্রশ্ন, প্রতিদিন কি আমার সেক্স করার প্রয়োজন হয় না? আমি কি হস্তমৈথুন করি? জবাবে আমি বলি, এসব নিয়ে আমি কথা বলতে চাই না। এরপর একটি ক্যাব ডাকি” বলেন তিনি।
পাইলটের অভিযোগ, সেখানেই সেই পর্ব মেটেনি। ঘরে ফেরার পরই অভিযুক্ত কমান্ডার তাকে ফোন করতে থাকেন। যদিও সেই ফোনে তিনি সাড়া দেননি।
অভিযোগের বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার মুখপাত্র।