জগন্নাথে ছুটিতে ক্লাস ও পরীক্ষা, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা

পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে দীর্ঘ এক মাসের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। অধিকাংশ বিভাগের শিক্ষার্থীরা এই দীর্ঘ ছুটিতে বাড়ি চলে গেলেও অল্প কিছু সংখ্যক বিভাগের শিক্ষার্থীদের ছুটির সময় ক্লাস ও পরীক্ষা জন্য বাড়ি যেতে হচ্ছে দেরিতে। প্রায় ফাঁকা ক্যাম্পাসে যে অল্পসংখ্যক শিক্ষার্থী থাকছেন তারা নিরাপত্তা হীনতার আশঙ্কায় রয়েছেন।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়,আগামী ১৯ শে মে থেকে ২০ শে জুন পর্যন্ত পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে।

কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষার্থী রাফিন আহমেদ বলেন, ছুটির সময় বিশ্ববিদ্যালয় বাস চলাচল করবে না, আমরা যারা দূর থেকে বিশ্ববিদ্যালয় বাসে এসে ক্লাস করি তাদের পক্ষে লোকাল বাসে এসে সকাল ৯টায় পরীক্ষা দেয়া অনেক কষ্টের। এ ছাড়া বাড়ি ফেরার সময় প্রায় দিন রাস্তায় ইফতার করতে হয়।

বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা যায়, ইতিমধ্যে সমাজবিজ্ঞান, ব্যবসায়, আইন ও লাইফ অ্যান্ড আর্থ সাইন্স অনুষদের অনেক বিভাগে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ পর্যায়ে রয়েছে। যাতে করে সেশন জটে না পরে সে জন্য ছুটির সময়েও পরীক্ষা নেয়া হচ্ছে।

এ সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ওয়াহিদুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, যেহেতু ৩০ জুনের মধ্যে সেমিস্টার পরীক্ষা শেষ করার নিয়ম রয়েছে সে জন্য বিভাগগুলো চাইলে পরীক্ষা নিতে পারবে, তবে ক্লাস চলবে না। ছুটির সময়েও ৩০ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয় বাস চলাচল করবে।