এ দেশে পয়সা দিয়ে পুলিশ, আইনজীবী, আদালত কেনা যায়: নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, 'এই দেশে পয়সা দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কেনা যায়, পয়সা দিয়ে আইনজীবী কেনা যায়, এমনকি আদালত পর্যন্ত কেনা যায় পয়সা দিয়ে।' 

'তাই বলতে চাই, ধর্ষণের বিরুদ্ধে ট্রাইব্যুনাল করে দ্রুত বিচার করুন। তাহলে দেখবেন, এসব অপরাধ কমে গেছে। বিএনপি-জামায়াতের চেয়েও ভয়ঙ্কর এসব অপরাধী।'

বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নারী নির্যাতন, ধর্ষণ, শিশু হত্যা নিয়ে নাসিম বলেন, 'প্রতিদিন দেখছি নারী নির্যাতন, ধর্ষণ, শিশু হত্যা এসব আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করে। সরকার যখন ক্ষমতায় থাকে, তখন কেন কী কারণে সিরিজের মতো করে এ ধরনের ঘটনা ঘটছে? এ ঘটনার ক্রিমিনালরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে?'

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানিয়ে নাসিম বলেন, 'এই সামাজিক অপরাধগুলো বন্ধ করার জন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনালের ব্যবস্থা করুন। বাইরের দেশগুলোতে দেখুন, তারা প্রতিটি ঘটনার দ্রুত বিচার করে। তাই তাদের অপরাধগুলো কমে আসে।'

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক অভিনেত্রী সাহারা কবরী প্রমুখ।