টয়লেটে ফেলে যাওয়া শিশুটিকে দত্তক নিতে শত শত ফোন

রাজধানীর শিশু হাসপাতালের টয়লেট থেকে উদ্ধার করা নবজাতকটিকে দেখতে ও দত্তক নিতে ভিড় করছেন শতাধিক মানুষ। ফুটফুটে মেয়ে এই শিশুটিকে দত্তক নিতে শেরেবাংলা নগর থানায় একের পর এক ফোন আসছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

এদিকে, নিরাপত্তার জন্য শিশু হাসপাতালের ওই কেবিনের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেরে বাংলা নগর থানার ওসি জানে আলম বলেন, বুধবার সকাল পর্যন্ত কেউ শিশুটিকে নিজের বলে দাবি করেনি। তবে শিশুটি জন্য রাত থেকে আমার কাছে, থানার ডিউটি অফিসারের কাছে এবং ইন্সপেক্টর তদন্তের মোবাইলে শত শত ফোন আসছে। সকাল থেকে আমি নিজেই ১০০’র বেশি ফোন রিসিভ করেছি। সবাই শিশুটিকে দত্তক নিতে চাচ্ছেন। আমরা আইনি প্রক্রিয়া অনুযায়ী তদন্তের কাজ করছি।

তিনি আরও বলেন, রাত থেকেই শিশুটিকে দেখতে ও দত্তক নিতে হাসপাতালে অনেকেই ভিড় করেছেন। এতে শিশুর স্বাস্থ্যের অবনতি হওয়ার আশঙ্কায় শিশুটির কেবিনের বাইরে পুলিশ মোতায়েন করেছি। চিকিৎসক ও তদন্ত সংশ্লিষ্ট ছাড়া কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।

পুলিশের তেজগাঁও জোনের এসি মাহমুদ হাসান বলেন, শিশুটির বাবা-মাকে খুঁজতে রাতে ডিসি-তেজগাঁও-ডিএমপি ফেসবুক পেজে ছবিসহ একটি পোস্ট দেয়া হয়। এরপর থেকে অনেক ফোন আসছে শিশুটিকে দত্তক নেয়ার জন্য।

অনেকে ফেসবুক পোস্টের নিচেই তাদের দত্তক নেয়ার জন্য নাম-ঠিকানা ও সিরিয়াল দিয়ে রাখছেন। আমরা তার বাবা-মাকে খুঁজে বের করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। পরবর্তীতে শিশু আইনে আদালত যা সিদ্ধান্ত দেবে পুলিশ সেটা মেনেই কাজ করবে।

নবজাতকের শারীরিক অবস্থার বিষয়ে শিশু হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা এম এ হাকিম বলেন, শিশুটি এখনো চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থা নিয়ে দুপুরে সংবাদ সম্মেলন করবে শিশু হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে ওই নবজাতককে হাসপাতালের টয়লেটে দেখে হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেন এক রোগীর স্বজন। শিশুটির বয়স আনুমানিক তিন দিন। উদ্ধারের পর শিশুটিকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে।