নেতা কর্মীদের ৩০ টাকার ইফতার করতে আহ্বান গয়েশ্বরের

কারাবন্দী হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য ইফতারিতে বরাদ্দ ৩০ টাকা উল্লেখ করে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দলের নেতা–কর্মীদের ৩০ টাকার বেশি ইফতার না করার আহ্বান জানিয়েছেন।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত ইফতার মাহফিলে তিনি নেতা–কর্মীদের প্রতি এ আহ্বান জানান।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, আপনাদের এই জনপ্রতি ৩০ টাকার ইফতার করার উদ্যোগ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রশংসিত হয়েছে। শুধু কেরানীগঞ্জের নেতাকর্মী নয়, সারা দেশের নেতা–কর্মীদের বলব, আমরা শপথ নেই আজ থেকে আমরা কেউ ৩০ টাকার বেশি ইফতার খাব না।

তিনি বলেন, ভিত্তিহীন মামলায় খালেদা জিয়া আজ কারাবন্দী। আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করতে হবে।

দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবিধি মোতাবেক দেওয়া ইফতারের সঙ্গে সংগতি রেখে ইফতার মাহফিল-২০১৯’ শিরোনামে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে আরও বক্তব্য দেন- দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাহউদ্দিন প্রমুখ।