নাসিরুদ্দিনের আদর্শকে চ্যালেঞ্জ সৌমিত্রর

এটি সম্পূর্ণ অজানা ফ্রেম। নাসিরুদ্দিন শাহ লড়াই চালাচ্ছেন ধর্মনিরপেক্ষ এক মননের জন্য। অন্য দিকে সৌমিত্র চট্টোপাধ্যায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ভাবাদর্শের পক্ষে তর্ক করে চলেছেন নাসিরের বিরুদ্ধে।

প্রতিপক্ষ আর বিপক্ষের পাল্টা যুক্তিতে প্রখর বৈশাখেও ঠান্ডা হয়ে আছে চারপাশ।

নাসিরের দরাজ আত্মবিশ্বাসী স্বর কখনও বাধাপ্রাপ্ত হচ্ছে সৌমিত্রের ‘অবজেকশন’-এ।

এ ভাবেই পরিচালক শৈবাল মিত্রের ‘দেবতার গ্রাস’-এর এই জোরদার সংলাপ ফ্লোরে আছড়ে পড়ছে। বাকি সব স্তব্ধ!

চিন্তিত কঠিন মুখ পরিচালক কৌশিক সেনের। সাংবাদিকের চরিত্রে তিনি এই ছবিতে। কোর্টরুম ড্রামার দৃশ্যে অভিনয় করছেন অমৃতা চট্টোপাধ্যায়। একটা কান্নার দৃশ্যে নাসিরের উল্টো দিকে দাঁড়িয়ে তার অভিনয়। ভাঙছেন অমৃতা। অন্য দিকে শুভ্রজিৎকে আলাদা করে ডেকে শুটের আগেই সংলাপ ঝালিয়েছেন নাসির। সঙ্গে আছেন অনসূয়া মজুমদার আর পার্থপ্রতিম মজুমদার।

কালো কোটে ঢাকা এই দুই তার্কিক ফ্লোরে যতই বাগযুদ্ধে অবতীর্ণ হোন না কেন, দু’জন শট দিয়ে হঠাৎ হঠাৎ জড়িয়ে ধরছেন দু’জনকে।