মৌলভীবাজারে তিন কলেজছাত্রীকে শারীরিকভাবে আঘাত ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নেতৃত্বদানকারী নাভেদ ও তার সহযোগীসহ ৭ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলার আসামিরা হচ্ছে নাভেদ, সায়েম, মুন্না, লোকমানসহ অজ্ঞাত ৩ জন। তবে এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
মৌলভীবাজার সরকারি কলেজ হোস্টেলের পাশে বড়বাড়ী এলাকায় একটি বাসায় মেস করে থাকেন মৌলভীবাজার সরকারি কলেজের দুই ছাত্রী এবং সরকারি মহিলা কলেজের এক ছাত্রী। কলেজ থেকে যাওয়া-আসার পথে প্রায়ই তাদের উত্ত্যক্ত করে আসছিল বাড়ির মালিকের ভাতিজা নাভেদসহ কয়েক বখাটে। উত্ত্যক্তের প্রতিবাদ করে ওই তিন ছাত্রী ১৩ মে বিকেলে নাভেদের বাসায় নালিশ জানানোর পর তাদেরকে মারধর ও লাঞ্ছিত করে নাভেদসহ তার সঙ্গীরা। প্রহারের পাশাপাশি প্রত্যেকের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করা হয়Ñ এমন অভিযোগ ছাত্রীদের।
এদিকে ছাত্রীদের ওপর শারীরিক আঘাত ও শ্লীলতাহানির অভিযোগে ১৩ মে রাতে শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা করেছেন অভিভাবক। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন থানার ওসি আলমগীর হোসেন।