১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, শিশু ধর্ষণ ও হত্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। এই সামাজিক অপরাধগুলো বন্ধ করার জন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনালের ব্যবস্থা করতে হবে। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রতিদিন দেখছি নারী নির্যাতন, ধর্ষণ, শিশু হত্যা। কেন, কী কারণে সিরিজের মতো করে এ ধরনের ঘটনা ঘটছে? এ ঘটনার ক্রিমিনালরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।’ তিনি আরও বলেন, ‘বাইরের দেশগুলোতে দেখুন, তারা প্রতিটি ঘটনার দ্রুত বিচার করে। তাই তাদের অপরাধগুলো কমে আসে। ধর্ষণ, শিশু হত্যার দ্রুত বিচার করতে হবে।’
নাসিম আরও বলেন, ‘আওয়ামী লীগ কোনো দিনও জনগণের দ্বারা ক্ষমতাচ্যুত হয়নি। আওয়ামী লীগ ষড়যন্ত্র দ্বারা ক্ষমতাচ্যুত হয়েছে অথবা ক্ষমতায় আসতে পারেনি। আজ যিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু হত্যার অন্যতম একজন খলনায়ক। অনেক লড়াই-সংগ্রাম করে আজ বঙ্গবন্ধু কন্যাকে বঙ্গবন্ধু হত্যার বিচার করতে হয়েছে।’
বিএনপি এখন ছিন্নভিন্ন উল্লেখ করে ১৪ দলের মুখপাত্র বলেন, ‘আমরা আল্লাহর রহমতে জনগণের সমর্থনে দীর্ঘদিন ক্ষমতায় আছি। মনে রাখতে হবে, আওয়ামী লীগের বিরুদ্ধে চক্রান্ত যখন ব্যর্থ হয়, তখন গভীর ষড়যন্ত্র চলে। আজ আমরা আশ্বস্ত হতাম যদি বিএনপি বিরোধী দল হিসেবে থাকত। ভয় ওখানে, বিএনপি এখন ছিন্নভিন্ন হয়ে গেছে। তার জোট ছিন্নভিন্ন হয়ে গেছে।’
অনুষ্ঠানে আরও অপস্থিত ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক অভিনেত্রী সারাহ বেগম কবরী প্রমুখ।