কবি হেনরী স্বপন ও ইমতিয়াজ মাহমুদের মুক্তি দাবি

কবি হেনরী স্বপন ও লেখক-আইনজীবী ইমতিয়াজ মাহমুদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে লেখক-শিল্প-সাংবাদিক-সংস্কৃতিকর্মীরা। গতকাল বুধবার বিকেল ৪টায় রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ এবং ‘কবি-লেখক-শিল্পী ঐক্য পরিষদ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন ৫৭ ধারা বাতিলের দাবি এবং শুক্রবারের মধ্যে কবি হেনরী স্বপন ও ইমতিয়াজ মাহমুদের মুক্তির দাবি জানান। অবিলম্বে মুক্তি না দিলে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের আলটিমেটাম দেওয়া হয়।

মানববন্ধনের সমন্বয়ক রবিন আহসান বলেন, ‘কবি হেনরী স্বপনকে বরিশালে গ্রেপ্তার করা হয়েছে। তার মুক্তির দাবিতে যখন মানববন্ধন করার পরিকল্পনা করছি, তখন জানতে পারলাম আজ সকালে গ্রেপ্তার করা হলো লেখক-আইনজীবী ইমতিয়াজ মাহমুদকে। এর মধ্যে মুক্তচিন্তাকে শেকল পরানোর যে প্রচেষ্টা, সেটা বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আগামী শুক্রবারের মধ্যে যদি হেনরী স্বপন ও ইমতিয়াজ মাহমুদকে মুক্তি না দেওয়া হয়, তাহলে শুক্রবার বিকেল ৪টা থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন কবি শাহেদ কায়েস, রাখাল রাহা, নাট্যজন অনন্ত হিরা, লোক পত্রিকার সম্পাদক অনিকেত শামীম, চলচ্চিত্র নির্মাতা আবু সাইয়ীদ, তৌফিক মারুফ, বাকী বিল্লাহ, ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার, কবি জুয়েল মোস্তাফিজ, মামুন খান, সাকিরা পারভীন, হাসান মাহমুদ, লোপা মমতাজ, আহমেদ স্বপন, গিরিষ গৈরিক, তানিম কবির, শ্যামল শিশির, শাহনাজ জাহানসহ অনেকে।