ফার্টের ডার্ট প্রীতি

আয়াক্স আমস্টারডাম, হামবুর্গ, রিয়াল মাদ্রিদ ও টটেনহ্যাম। চার দলের হয়ে দূরপাল্লার শটে গোল করায় সুনাম ছিল রাফায়েল ফন ডার ফার্টের। দূর থেকে তীরের মতো সোজা শট নিতে পারতেন নেদারল্যান্ডস তারকা। এমনই একটি খেলা ‘ডার্ট’। ছোট তীরগুলোকে দূর থেকে হাত দিয়ে একটি বোর্ডে ছুড়ে মারতে হয়। পয়েন্ট সিস্টেমের খেলায় যে যত ভালো স্কোর তুলবে সেই জয়ী। ফুটবলের মতো সোজাসুজি তীর ছোড়ার এ খেলাটিতেও সফল হয়েছেন ফন ডার ফার্ট। নেদারল্যান্ডসের হয়ে ১০৯ ম্যাচ খেলা এ তারকা গত বছর ফুটবল থেকে অবসর নেন। সেই থেকে শুরু করেন ডার্টে নতুন ক্যারিয়ার। প্রথমেই পেয়ে গেছেন একটি টুর্নামেন্ট। তাতে পেশাদার ডার্ট খেলোয়াড় হিসেবে অভিষেক হয়ে গেল তার। ডেনমার্ক ওপেন টুর্নামেন্টে প্রথম ম্যাচেই জিতেছেন তিনি। প্রতিপক্ষ থমাস অ্যান্ডারসনকে ৪-২ পয়েন্টের ব্যবধানে হারিয়েছেন ফন ডার ভার্ট। তবে সুখকর যাত্রা বেশিদূর এগোয়নি। দ্বিতীয় ম্যাচেই হেরে বিদায় নিয়েছেন টুর্নামেন্ট থেকে। মোগেস ক্রিস্টেনসেনের কাছে ৪-০ ব্যবধানে হেরে শেষ হয় ফন ডার ফার্টের প্রথম ডার্ট অভিযান। তবে এই ডাচম্যান পরের রবিবারে আরও বড় টুর্নামেন্ট ‘ডেনমার্ক মাস্টার্স’-এ খেলবেন।