এ মাসেও পাকিস্তানের আকাশে উড়ছে না ভারতীয় বিমান

পাকিস্তানের আকাশসীমায় আপাতত উড়ছে না ভারতীয় বিমান। পুলওয়ামার ঘটনার পর দুই দেশের মধ্যে সৃষ্ট যুদ্ধাবস্থায় পাকিস্তান এ সিদ্ধান্ত নেয়।

টাইমস অব ইন্ডিয়া, ভারতীয় বিমানের ওপর এ নিষেধাজ্ঞা ৩০ মে পর্যন্ত বৃদ্ধি করেছে পাকিস্তান। বুধবার দেশটির প্রতিরক্ষা ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে ভারতের লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই এ নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পুনর্বিবেচনা করা হবে বলে এক পাক কর্মকর্তা জানিয়েছে। ২৩ মে লোকসভা নির্বাচনের ফল প্রকাশ করবে ভারতের নির্বাচন কমিশন।

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মুহাম্মদের হামলায় মারা যায় ভারতের আধা সামরিক বাহিনীর ৪৯ সদস্য। হামলার দায় স্বীকার করে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মুহাম্মদ।

পাকিস্তানের সহায়তা ও পৃষ্ঠপোষকতায় এ হামলা চালিয়েছে বলে দাবি করে ভারত। পাকিস্তান তা নাকচ করে দিলেও দেশটির সন্ত্রাসী ঘাঁটিতে যুদ্ধবিমান দিয়ে হানা দেয় ভারত।

সে সময় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ হামলা চালালে ভারতীয় বিমান চলাচল নিষিদ্ধ করে পাকিস্তান। সেই থেকে ভারত থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ রয়েছে পাকিস্তানে।