বিদ্যাসাগরের পঞ্চধাতুর মূর্তি পুনঃপ্রতিষ্ঠা করে তৃণমূলকে কড়া জবাব দেবে বিজেপি। এই বিদ্যাসাগর কলেজের একই জায়গায় ওই মূর্তি বানানো হবে বলে প্রতিশ্রুতি দেন নরেন্দ্র মোদি।
উত্তর প্রদেশের মাটিতে দাঁড়িয়ে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলোধনা করেন নরেন্দ্র মোদি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এক হাত নিয়ে মোদি অভিযোগ করেন, উনি তাকে প্রধানমন্ত্রী হিসেবে মানেন না। হিন্দুস্তানের প্রধানমন্ত্রীকে না মানলেও, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে মানেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নরেন্দ্র মোদির অভিযোগ, পশ্চিম মেদিনীপুর, ঠাকুরনগর, কোচবিহারে তৃণমূলের গুন্ডারা হামলা চালিয়েছে। মমতার জমানায় পশ্চিমবঙ্গে অরাজকতা তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।
মঙ্গলবার অমিত শাহের রোডশোয়ে ব্যাপক উত্তেজনার পেছনে মমতা সরকারের ইন্ধন রয়েছে বলে নরেন্দ্র মোদির অভিযোগ।
তৃণমূলের গুন্ডারাই বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙেছে বলে জানান মোদি। পাশাপাশি নরেন্দ্র মোদির প্রতিশ্রুতি, তাদের সরকার যথাস্থানেই পঞ্চধাতুর মূর্তি পুনঃপ্রতিষ্ঠা করবে। তৃণমূলকে এভাবেই কড়া জবাব দেবেন বলে দাবি করেন তিনি।
আনন্দবাজার জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিধান সরণি দিয়ে শাহের রোড শো চলছিল। অভিযোগ, আচমকা এক দল সমর্থক পাঁচিল টপকে বিদ্যাসাগর কলেজের বিধান সরণি ক্যাম্পাসে ঢুকে হাঙ্গামা শুরু করেন।
“বিজেপির মিছিল থেকেই হাঙ্গামা হয়েছে। বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে ওরা। পুলিশে অভিযোগ দায়ের করছি” বলেন বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ গৌতম কুণ্ডু।”