অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হাক (৮৯) মারা গেছেন। লেবার পার্টির এ নেতা ১৯৮৩ থেকে ১৯৯১ সাল পর্যন্ত দেশটির সরকার চালিয়েছিলেন। আশির দশকের সাড়া জাগানো এ রাজনীতিককে অস্ট্রেলিয়ার অর্থনৈতিক আধুনিকায়ন ও গুরুত্বপূর্ণ সামাজিক সংস্কারের কৃতিত্ব দেওয়া হয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার এক পারিবারিক বিবৃতিতে বলা হয়, বব হাক নিজ বাসায় শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৮০ সালে প্রথম পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী এ রাজনীতিক ১৯৮৩ সালে লেবার পার্টির প্রধান হন। এরপরই সাধারণ নির্বাচনে বিপুল জয় পায় তার মধ্য-বামপন্থি দল। তিনি চারবার পার্লামেন্টে জয় লাভ করেন। সবচেয়ে দীর্ঘসময় দেশ শাসন করা লেবার প্রধানমন্ত্রীও তিনি।
বব হাকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আরেক সাবেক লেবার প্রধানমন্ত্রী কেভিন রাড। তিনি এক টুইটে লিখেছেন, বব ছিলেন অস্ট্রেলিয়ার রাজনীতির একটি স্তম্ভ।