বান্দরবানে পাকা করা হচ্ছে ঈদগাহ, স্থানীয়রা ক্ষুব্ধ

বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পাকা করা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। প্রভাবশালীদের ভয়ে সরাসরি কেউ প্রতিবাদ-প্রতিরোধ করতে না পারলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মাঠটি পাকা করলে এলাকার পরিবেশ বিপর্যস্ত হবে, শিশুদের খেলাধুলার কোনো জায়গা থাকবে না এমন দাবি এলাকাবাসীর।

গত ১৫ মে বান্দরবান সদর থানা ও পুলিশ সুপার কার্যালয়সংলগ্ন ঈদগাহ মাঠে গিয়ে সেখানে রড বিছিয়ে পাকা করার বন্দোবস্ত করতে দেখা গেছে শ্রমিকদের। মাঠটির পাশেই বান্দরবান শহর মডেল প্রাথমিক বিদ্যালয়। যেখানে পর্যাপ্ত খেলার জায়গা নেই। ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিয়মিত এই মাঠে খেলাধুলা করে। মাঠটি পাকা হয়ে গেলে শিশুরা তাদের খেলার জায়গা হারাবে।

বান্দরবান কেন্দ্রীয় ঈদ জামাত উদযাপন কমিটির আহ্বায়ক আবদুল কুদ্দুছ বলেন, ‘মাঠ পাকা করার বিষয়টি আমি জানি না। কয়েক দিন আগে চলার পথে ওখানে কাজ করতে দেখেছি। সেখানে কী বিল্ডিং হবে নাকি অন্য কিছু হবে আমি জানতে পারিনি।’বান্দরবান কেন্দ্রীয় ঈদ জামাত উদযাপন কমিটির সদস্য সচিব ও পৌর মেয়র মো. ইসলাম বেবী জানান, ‘ঈদগাহ মাঠ আগে থেকেই পাকা ছিল। কিছু কিছু অংশ ভেঙে গেছে। বর্ষাকালে ঈদ হলে মাঠে বৃষ্টির পানি জমে যায়। আমাদের আগামী প্রজন্ম যেন ঠিকমতো ঈদের নামাজ আদায় করতে পারে, তাই জেলা প্রশাসকসহ আমরা মাঠটি পাকা করার প্রকল্প চেয়েছি।’

জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম জানান, ‘আমার আমলে মাঠ পাকা করার কোনো সুপারিশ করা হয়নি। পাকা করা ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’