মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

হরিরামপুর উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আবদুর রহিম মিয়ার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে হরিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন করেন।

এ সময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তি দাবি জানান। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।

গত সোমবার রাতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মুক্তিযোদ্ধা আবদুর রহিম মিয়ার বসতবাড়িতে হামলা করে কয়েকজন দুর্বৃত্ত। পরে এ ঘটনায় তিনজনকে আসামি করে হরিরামপুর থানায় মামলা করেন তিনি।

এ ব্যাপারে হরিরামপুর থানার ওসি আমিনুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।