সরফরাজকে কী করতে হবে জানালেন শোয়েব

ইংল্যান্ড সফরে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদের নেতৃত্বের কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক তারকা পেসার শোয়েব আখতার। বলেছেন, অধিনায়ক হিসেবে সরফরাজের উন্নতি প্রয়োজন।

ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটনে দ্বিতীয় ওয়ানডেতে ৩৭৪ রান তাড়া করতে নেমে দারুণভাবে ছুটছিল পাকিস্তান। কিন্তু কাছাকাছি গিয়েও খেই হারায় দলটি। ফলাফল- সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটিতে ১২ রান হার।

এরপর ব্রিস্টলে আগে ব্যাট করে ৩৫৮ রানের পুঁজি পেল সফরকারী পাকিস্তান। কিন্তু এত বড় পুঁজি নিয়েও স্বাগতিক ইংল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করল দলটি। হার ৬ উইকেটে।

পাঁচ ম্যাচের সিরিজে এখন ২-০ তে পিছিয়ে পাকিস্তান। সিরিজে দুই দলের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়।

কিন্তু তৃতীয় ওয়ানডেতে বড় পুঁজি নিয়েও পাকিস্তানের হেরে যাওয়াটা মানতে পারেননি শোয়েব। গত মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচটি নিয়ে টুইট করতে ভোলেননি তিনি।

লিখেছেন, ‘‘আরেকটি বড় পুঁজি বরবাদ। অনেক কারণ সামনে আসবে যখন আপনি ৩৫৮ রান রক্ষা করতে পারবেননা।’’

‘‘একজন অধিনায়ক হিসেবে সরফরাজের আরো উন্নতি প্রয়োজন এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।’’

শুক্রবার সিরিজের চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচে জিততেই হবে পাকিস্তানকে।