জঙ্গি শনাক্তকরণ নিয়ে প্রচারিত বিজ্ঞাপনের সঙ্গে তাদের সম্প্রীতি বাংলাদেশের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন সংগঠনটির আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জঙ্গি শনাক্তকরণ বিজ্ঞাপন নিয়ে সম্প্রীতি বাংলাদেশ সম্পর্কে অসত্য তথ্য উপস্থাপন করে অনলাইনে দেশের সরলপ্রাণ মানুষদের নানাভাবে বিভ্রান্ত করার অপচেষ্টা আমাদের নজরে এসেছে। বিজ্ঞাপনটির সঙ্গে আমাদের প্রিয় সংগঠন সম্প্রীতি বাংলাদেশের সংশ্লিষ্টতা নেই।
গত ১২ মে কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় জঙ্গি শনাক্তকরণ নিয়ে একটি বিজ্ঞাপন ছাপা হয়। ‘সন্দেহভাজন জঙ্গি সদস্য শনাক্তরণের নিয়ামকসমূহ’ শীর্ষক ওই বিজ্ঞাপনের নিচে লেখা ছিল সম্প্রীতি বাংলাদেশ। জঙ্গি শনাক্ত করার ২৩টি উপায় জানানো হয় ওই বিজ্ঞাপনে। বিজ্ঞাপনটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা উঠলে সম্মেলনের আয়োজন করেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়।