২৪ জুনের মধ্যে ঋণখেলাপিদের তথ্য চায় হাইকোর্ট

গত ২০ বছরে এক কোটি টাকার ওপরে ঋণখেলাপিদের তালিকা ২৪ জুনের মধ্যে বাংলাদেশ ব্যাংককে জমা দিতে বলেছে হাইকোর্ট। পাশাপাশি কী পরিমাণ ঋণ মওকুফ করা হয়েছে, ব্যাংকিং খাতে অনিয়ম, দুর্নীতি বন্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে সেসব তথ্য ওই সময়ের মধ্যে জমা দিতে বলেছে আদালত। এই প্রতিবেদন দাখিলে বাংলাদেশ ব্যাংকের পক্ষে ফের সময় চেয়ে করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেয় বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. মনিরুজ্জামান। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। এর আগে এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা না দেওয়া, ব্যাংকিং খাতে অনিয়ম-দুর্নীতি বন্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া এবং ঋণখেলাপিদের বিশেষ সুবিধা দেওয়ায় গত ১০ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের প্রতি অসন্তোষ প্রকাশ করেছিল হাইকোর্ট। 

এক রিট আবেদনের প্রেক্ষিতে গত ১৩ ফেব্রুয়ারি এক আদেশে সরকারি, বেসরকারি বিভিন্ন ব্যাংকে এক কোটি টাকার ওপরে ঋণখেলাপিদের তালিকা, ব্যাংকগুলো থেকে আত্মসাতের মাধ্যমে কারা ও কী পরিমাণ অর্থ দেশের অভ্যন্তরে ও বিদেশে পাচার হয়েছে এবং ব্যাংকিং খাতে দুর্নীতি ও অনিয়ম বন্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন চায় হাইকোর্ট। পাশাপাশি এ সংক্রান্ত একটি কমিশন গঠনের নির্দেশ দেয় আদালত। প্রতিবেদন দিতে একাধিকবার সময় নেয় বাংলাদেশ ব্যাংক।