ময়মনসিংহের ভালুকায় বন বিভাগের ১২৭ শতাংশ জমি আত্মসাতের চেষ্টার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার কমিশনের নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
রোজা এগ্রো লিমিটেডের চেয়ারম্যান ফালু ছাড়া চার্জশিটের অন্য আসামিরা হলেনÑ ভালুকা উপজেলার সাবেক সাব-রেজিস্ট্রার (বর্তমানে বরখাস্ত) ফজলার রহমান, একই উপজেলার মৃত রিয়াজ উদ্দিনের স্ত্রী জুবেদা খাতুন, খন্দকার আমিনুর রহমানের স্ত্রী মাজেদা বেগম ও মো. খোকা মিয়া, সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. আকরাম হোসেন (জুয়েল) ও রুহুল আমিন।
উপপরিচালক প্রণব বলেন, ভালুকা উপজেলার পালগাঁও মৌজায় বন বিভাগের ১২৭ শতাংশ জমি দখলের অভিযোগে এই অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে। এ ঘটনায় ২০১৭ সালের ২৯ অক্টোবর ভালুকা মডেল থানায় মামলা হয়। এর তদন্ত করেন দুদকের উপসহকারী পরিচালক মো. এনামুল হক।