ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার সকাল থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। অগ্রিম টিকিট বিক্রি উপলক্ষে কয়েকটি বাস কোম্পানি যাত্রীদের দাঁড়ানোর বিশেষ ব্যবস্থা করেছে।

রাজধানীর গাবতলী ও আশপাশের এলাকার কাউন্টার থেকে এদিন সকাল ৬টায় টিকিট বিক্রি শুরু হয়।

এদিকে ঈদের আগাম টিকিট নিতে বাস কাউন্টারে ভিড় লক্ষ্য করা গেছে। ভোর থেকেই অনেকে লাইনে দাঁড়িয়ে ৩০ মের টিকিটের জন্য অপেক্ষা করছেন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী জানান, রাজধানীর গাবতলী, কমলাপুর, আরামবাগ, কলাবাগানসহ রাজধানীর সকল কাউন্টার থেকে টিকিট বিক্রি করা হচ্ছে।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, এবার ঈদে দীর্ঘ ছুটি থাকায় একই সময়ে বাসের চাপ কম পড়বে। ৩০ মে থেকে মানুষ বাড়ি যেতে শুরু করবে বলে আশা করছেন তারা।

৩১ মে শুক্রবার ও ১ জুন শনিবার পড়ায় অনেকেই আগভাগে ছুটি নিয়ে বাড়ি চলে যাবেন। ৪ জুন থেকে তিন দিন ঈদের ছুটি থাকার কথা রয়েছে।

ওসমান আলী জানিয়েছেন, ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিটে সরকার নির্ধারিত হারেই ভাড়া নেওয়া হবে। যাতে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়, এ বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হবে। কোন অবস্থাতেই অতিরিক্ত ভাড়া আদায় করতে দেওয়া হবে না।

তিনি জানান, কেউ যেন নির্ধারিত ভাড়ার বেশি নিতে না পারে সে জন্য দূরত্ব অনুযায়ী ভাড়ার চার্ট টাঙিয়ে দিতে বলা হয়েছে বাস কোম্পানিগুলোকে। কেউ যদি নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া নেন প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।