তালেবানের ভ্রমণ খরচ দিতে চেয়েছিল ট্রাম্প প্রশাসন

সম্প্রতি অনুষ্ঠিত শান্তি আলোচনায় অংশ নেওয়া তালেবান নেতাদের ভ্রমণ এবং থাকা-খাওয়ার খরচ বহন করতে চেয়েছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

কংগ্রেসনাল কমিটির এক কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে বিবিসি।

অবশ্য তালেবানদের থাকা-খাওয়ার মতো ব্যয় পরিশোধে পেন্টাগনের অনুরোধ প্রত্যাখ্যান করে ক্যাপিটল হিল কমিটি। তাদের মতে, এটা সন্ত্রাসবাদকে সমর্থন দেওয়ার শামিল।

এদিকে পেন্টাগন স্বীকার করেছে, “বৈঠকগুলো আয়োজনে কর্তৃপক্ষের কাছে তারা এসব তহবিল ব্যবহারের অনুমতি দিতে অনুরোধ করেছিলেন।”

গত ২০১৮ সালের অক্টোবর থেকে কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে ছয় দফা বৈঠকে বসে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে এ শান্তি আলোচনার আয়োজন করা হয়।

ইন্ডিয়ানা থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদ সদস্য পিটার ভিসক্লোস্কির মুখপাত্র কিভেন স্পাইসার বলেন, শান্তি আলোচনায় অংশ নেওয়া তালিবান গোষ্ঠীর সদস্যদের থাকা-খাওয়া, যাতায়াত খরচ বাবদ ওই তহবিল চাওয়া হয়েছিল।

বুধবার ভিসক্লোস্কির সভাপতিত্বে হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস ডিফেন্স সাব-কমিটি ৬৯০.২ বিলিয়ন ডলারের বিলটির অনুমোদন দেয়। তবে তহবিলের কোনো অর্থ জঙ্গিদের ব্যয় পরিশোধে ব্যবহার না করতে সুনির্দিষ্ট করে বলে দেওয়া হয়।