জয়া কি তবে সিরিয়াল কিলার?

নতুন নতুন গল্প নিয়ে নিরীক্ষায় জয়া আহসানের জুড়ি নেই। ঝুলিতে যোগও হচ্ছে একের পর এক স্মরণীয় সিনেমা। এবার তাকে দেখা যাবে কলকাতার ওয়েব সিরিজে। সেখানে হাজির হচ্ছেন একদম নতুন চরিত্রে।

আনন্দবাজার পত্রিকা জানায়, একটি আর্টিকেলের সূত্র ধরে লেখা হয় প্রিয়নাথ মুখোপাধ্যায়ের ‘দারোগার দপ্তর’-এর কাহিনি। সেখান থেকে গবেষণা করতে করতে ভারতের প্রথম নারী সিরিয়াল কিলারকে নিয়ে আরও তথ্য পাওয়া যায়।

সময়কালও কৌতূহল জাগাবে। সেই ১৮৬০-৭০ সাল। হিন্দি-বাংলা মিশিয়ে নির্মিতব্য এই ওয়েব সিরিজের নাম ‘ত্রৈলোক্য’। পরিচালনা করছেন অরিন্দম শীল।

নাম ভূমিকায় আছেন জয়া আহসান। অরিন্দমের মতে, ‘‘আমার প্রথম ছবিতে জয়া ছিল। প্রথম ওয়েব সিরিজেও রয়েছে।’’

শুধু ত্রৈলোক্যকে ঘিরে এই গল্প নয়। সিরিয়াল কিলারের বিপরীতে গোয়েন্দাও রয়েছে। যাকে ভারতের প্রথম গোয়েন্দাও বলে উল্লেখ করা হয়। সিরিজে প্রিয়নাথের চরিত্রে দেখা যাবে টোটা রায় চৌধুরীকে।

মজার বিষয় হলো, অরিন্দমের প্রথম ছবি ‘আবর্ত’তে জয়ার পাশাপাশি টোটাও ছিলেন।

পরিচালক বলেন, “ভারতীয় অনলাইন প্ল্যাটফর্মে কোনো শো এতটা রিসার্চ হয়নি। যেহেতু সত্যি ঘটনা অবলম্বনে এই সিরিজ, তাই সময়কালও একই রাখা হচ্ছে। পিরিয়ড লুক নিয়ে আমরা অনেক রিসার্চ করছি। ওই সময়ের পালকি, জুড়িগাড়ি সবকিছু তৈরি করা হচ্ছে।’’

সিরিজে ত্রৈলোক্যর এক জুড়িদারও থাকছে। সে অপরাধের সঙ্গী ও প্রেমিক কালী বাবু। এই চরিত্রে মুম্বাইয়ের কোনো শিল্পীকে ভাবা হচ্ছে।

বেশ আগে বাংলাদেশের টিভি ধারাবাহিকে অভিনয় করলেও ‘ত্রৈলোক্য’ হতে যাচ্ছে জয়ার প্রথম ওয়েব সিরিজ।