অসুস্থ শাবককে বিরক্ত করায় যুবককে আছড়ে মারল হাতি

বন থেকে গ্রামে উঠে এসে বাচ্চা জন্ম দিয়ে এমনিতে বিপাকে ছিল হাতিটি। এর ভেতর কিছু যুবক হাতি এবং বাচ্চা দেখতে ভিড় জমায়। শাবককে লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকে তারা। এমন বেয়াড়া কাণ্ড সহ্য করতে না পেরে এক যুবককে শুঁড় দিয়ে আছড়ে মেরে ফেলে সে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ঘটনাটি ঝাড়গ্রামের লালগড় থানার ধরমপুর অঞ্চলের আজনাশুলি গ্রামের। গ্রাম সংলগ্ন একটি খালে হাতিটি বাচ্চা প্রসব করে। তারপরই বাচ্চাটিকে লোকালয় থেকে সরিয়ে বনভূমির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল হাতিটি। কিন্তু সদ্যোজাত হাঁপিয়ে পড়ায় তা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানিয়েছেন, নিহত যুবকের নাম শৈলেন মাহাতো। বয়স ২৬-২৭ বছরের আশপাশে। লালগড়ের বাঁদগোড়া এলাকার বাসিন্দা।

আশিস মণ্ডল নামের এক স্থানীয় বাসিন্দা জানান, এই ঘটনার পর আরও দশ-বারোটি হাতি বেরিয়ে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে আরও বিপদ বাড়তে পারে।