অ্যাভেঞ্জার্স সিরিজের সঙ্গে তুলনা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’র!

সপ্তাহখানেক আগে মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ দর্শকদের হতাশা করেছে। কাহিনি, নিমার্ণ বা টাইগার শ্রফ ও দুই নায়িকার অভিনয় নাকি একদম জমেনি। বক্স অফিসে এখনো বাজেটই তুলে আনতে পারেনি।

অথচ এই ছবির অভিনেতা আদিত্য শীল বলেছেন, যারা অ্যাভেঞ্জার্স দেখতে পছন্দ করেন, সুপারহিরো রয়েছে বলে বিশ্বাস করেন, তাদের ভালো লাগবে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’।

কারণ নাকি বলিউড ছবিটিও ফ্যান্টাসি নির্ভর। ছবিতে যেমন স্কুল দেখানো হয়েছে, কে এমন স্কুলে পড়তে চাইবে না? এই স্কুল দেখতে সুন্দর আর শিক্ষার্থীরাও সুন্দর।

তিনি বলেন, “আমরা দর্শকের জন্য এমন এক পৃথিবী তৈরি করতে চেয়েছি যা তারা দেখবে এবং তাদের পছন্দ হবে। যখন আমি অ্যাভেঞ্জার্স দেখি, আমার মনে হয়, যদি এর অংশ হতে পারতাম! আমি টনি স্টার্ক বা আয়রন ম্যান হতে চাই। ঠিক একইভাবে আমরা দর্শকের জন্য একটি দুনিয়া তৈরি করতে চেয়েছি।”

আদিত্য বলতে চেয়েছেন অ্যাভেঞ্জার্সের যেমন একটি ফ্যান্টাসি দুনিয়া রয়েছে, তেমনই একটি ফ্যান্টাসি স্কুল লাইফ ড্রামা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’।

কিন্তু এখানেই হয়েছে যত গন্ডগোল। নেটিজেনেরা অভিনেতার এমন বক্তব্য হেসেই যাচ্ছেন। রীতিমতো ট্রোলিং শুরু হয়েছে টুইটার-ফেসবুকে।

২৪ এপ্রিল মুক্তি পেয়ে বিশ্বব্যাপী আড়াইশ’ কোটি ডলারের বেশি আয় করেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। ভারতে থেকেই তুলে নিয়েছে সাড়ে তিনশ’ কোটির চেয়ে বেশি। চলতি বছরেই এটি ভারতীয় বাজারে কোনো সিনেমার সর্বোচ্চ আয়। অন্যদিকে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ এক সপ্তাহে ৭৮ কোটি রুপি আয় করেছে।