বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না সেটা তারা আগে থেকেই জানত। তাই তারা সুষ্ঠু নির্বাচন দেওয়ার ঝুঁকি না নিয়ে ২৯ ডিসেম্বর আগের রাতে ভোট ডাকাতি করে ক্ষমতা নিজেদের করে নিয়েছে।
শুক্রবার নয়াপল্টনে মাওলানা ভাসানী মিলনায়তনে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, নিজের দেশের লোক জোর করে ক্ষমতায় থেকে জনগণের উপর জুলুম করবে এটা হতে পারে না। কিন্তু নির্লজ্জের মতো বর্তমান সরকার জনগণের ভোট ডাকাতি করে ক্ষমতা দখল করে আছে। আওয়ামী লীগ সরকার বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করেছে। অন্যায়ভাবে খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে।
তিনি বলেন, দুঃখের বিষয় দুই কোটি টাকার সাজানো মামলায় খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে কিন্তু ব্যাংক ও শেয়ারবাজার লুটেরা মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। সরকার তাদের চোখে দেখে না।
তিনি বলেন, বাংলাদেশকে সভ্য দেশ হিসেবে গড়তে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে ও তারুণ্যের অহংকার তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল।