হাকিমপুর বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হাকিমপুর (হিলি) উপজেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সবার মৌখিক সমর্থনের ভিত্তিতে ফেরদৌস রহমানকে সভাপতি ও সাখাওয়াত হোসেন শিল্পীকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

গতকাল শুক্রবার দুপুর ১২টায় হিলি বাজারে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির হাকিমপুর (হিলি) উপজেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিল হয়।

বিএনপির ওয়ার্ড, ইউনিয়ন, পৌর বিএনপির নেতাকর্মীদের মৌখিক সমর্থনের ভিত্তিতে ফেরদৌস রহমানকে সভাপতি ও সাখাওয়াত হোসেন শিল্পীকে সাধারণ সম্পাদক, হযরত আলী সরদার ও সিরাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করে তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সুযোগ দেওয়া হয়। এদিকে পদের সমর্থন দেওয়া নিয়ে কর্মীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হলে নেতাদের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়।

এর আগে সকালে দিনাজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রেজিনা ইসলাম হাকিমপুর উপজেলা বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিলের উদ্বোধন করেন। উপজেলা বিএনপির সভাপতি আকরাম হোসেন ম-লের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, আখতারুজ্জামান মিয়াসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। পরে সবার মতামতের ভিত্তিতে হাকিমপুর উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়।