অলরাউন্ডারদের বিশ্বকাপ দেখছেন লয়েড

ওয়েস্ট ইন্ডিজের প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক ক্লাইভ লয়েড। তার অধিনায়কোচিত ইনিংসেই ইংল্যান্ডের লর্ডসে শিরোপা জিতেছিল ক্যারিবিয়ানরা। সেই ইংল্যান্ডে আবার ফিরেছে বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ খুব রোমাঞ্চকর হবে বলে মনে করছেন ক্যারিবিয়ান লিজেন্ড। একই সঙ্গে এ আসরে অলরাউন্ডারদের জয়জয়কার হবে বলেও জানালেন তিনি। এছাড়া এবার প্রচুর রান হবে এমন ভবিষ্যদ্বাণী করে ইংল্যান্ডকে শিরোপাজয়ী হিসেবে এগিয়ে রাখছেন। তবে উইন্ডিজের বিশ্বকাপ জয়ের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না।

১৯৮৩ সালের পর থেকে কোনো বিশ্বকাপেই স্পষ্ট ফেভারিট ছিল বলে মনে করেন না লয়েড। প্রতিবারই ফেভারিটদের হিসাবের বাইরে থাকা কোনো দল শিরোপা জিতেছে। এদের মধ্যে ইংল্যান্ডকে না দেখায় বিস্মিত ক্যারিবিয়ান কিংবদন্তি। তবে এ আসরে ইংলিশদের ভালো সম্ভাবনা দেখছেন, ‘ইংল্যান্ড এখনো কোনো বিশ্বকাপ জেতেনি এটা মেনে নেওয়া কঠিন। তবে এবার তাদের ভালো সম্ভাবনা আছে। সাম্প্রতিক সময়ে তারা ওয়ানডেতে দারুণ করছে। এতে ইংল্যান্ডজুড়ে একটা ঢেউ বইছে যে এবার তারা বিশ্বকাপ জিতবে। কিন্তু ব্যাপারটা হলো আগে থেকে কিছু বলা যায় না। ইংল্যান্ডের ভালো সম্ভাবনা থাকলেও তাদের ফেভারিট বলা যাচ্ছে না। কারণ ১৯৮৩-এর পর কোনো ফেভারিট বিশ্বকাপ জিততে পারেনি। ১৯৯২-তে পাকিস্তান, ১৯৯৬-তে শ্রীলঙ্কা হিসাবের বাইরে থেকেই বিশ্বকাপ জিতেছিল।’

গ্রীষ্মে ইংল্যান্ডের উইকেট বরাবরই ব্যাটিংসহায়ক হয়। এই টুর্নামেন্টটিকে ব্যাটসম্যানদের বিশ্বকাপ হিসেবে দেখছেন না লয়েড। তার কাছে এবার অলরাউন্ডারদের বিশ্বকাপ হতে যাচ্ছে। কারণ বেশিরভাগ দলেই অলরাউন্ডারদের আধিক্য বেশি দেখছেন তিনি, ‘ইংল্যান্ডে এই সময়ে উইকেটগুলো ব্যাটসম্যানদের সাহায্য করবে। তাই বোলারদের খুব কঠিন যাবে আসরটি। কিন্তু এবার অলরাউন্ডাররাই সবচেয়ে আলোচনায় থাকবে। কারণ আফগানিস্তান থেকে শুরু করে ইংল্যান্ড, ভারত থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ সব দলই অবিশ্বাস্য প্রতিভাবান অলরাউন্ডারে ভরপুর। এজন্য আমার মনে হচ্ছে এটা অলরাউন্ডারদের বিশ্বকাপ হবে।’