রোনালদোর সঙ্গে ঝামেলা

আর্জেন্টিনা ফরোয়ার্ড পাওলো দিবালার ভাগ্যটাই খারাপ। যে পজিশনে খেলেন সেখানে লিওনেল মেসি ছাড়া কাউকে ভাবা যায় না। এ কারণে আর্জেন্টিনা দলের সেরা একাদশে জায়গা হয় না তার। ক্লাব দল জুভেন্তাসেও দারুণ চলছিল। এক মৌসুম আগেও অন্যতম সেরা তারকা ছিলেন তিনি। কিন্তু শেষ হতে চলা মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনালদো এসে পেছনে ফেলে দিলেন তাকে। রোনালদোর সঙ্গেও মাঠের পজিশন নিয়ে ঝামেলা হচ্ছে। যে পজিশনে দিবালা খেলেন সেখানেই খেলেন রোনালদো। আর এই কারণে জুভেন্তাসের সেরা একাদশেও জায়গা হচ্ছে না দিবালার। তাই পর্তুগিজ তারকার সঙ্গে অন্যরকম ঝামেলা বেধে যাচ্ছে দিবালার। এমনটাই জানালেন তার ভাই গুস্তাভো। অবশ্য এই ঝামেলাকে শুধুই মাঠের পজিশনের ব্যাপার ছাড়া অন্য কিছু নয় বলে জানালেন দিবালার এজেন্ট হিসেবে কাজ করা গুস্তাভো। রোনালদোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে দিবালার। কিন্তু ওই পজিশন সমস্যার কারণেই জুভেন্তাস ছাড়ছেন আর্জেন্টিনা ফরোয়ার্ড। আগামী মৌসুমে নতুন চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছেন তিনি। এরই মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড ও আতলেতিকো মাদ্রিদ দিবালার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। শুধু দিবালাই নন, গুস্তাভো জানান, আরও বেশ কয়েকজন ফুটবলার আছে যারা নিয়মিত একাদশে সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ।