বলিউড সিনেমা ‘ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড’কে ইউ-এ সার্টিফিকেট দিয়েছে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)। তবে ছবির সংবেদনশীল কিছু দৃশ্য মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। সেই দৃশ্যগুলোই ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে।
সিনেমাটিতে গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন অর্জুন কাপুর। একটি দৃশ্যে কোরআনের বাণী তুলে ধরে তিনি বলেন, “যারাই কোনো নির্দোষকে খুন করে, তারা গোটা মনুষ্যত্বের খুনি। এটা আমি বলছি না, কোরআন শরিফে লেখা রয়েছে।”
আরেকটি দৃশ্যে খুনের ব্যাখ্যা দিতে গিয়ে ভগবত গীতার প্রসঙ্গ তুলে এক সন্ত্রাসবাদী বলছে, “আত্মা কখনো মরে না। শরীর মরে। আমি মানুষকে মারছি না। শুধু তার আত্মাটা অন্য শরীরে পাঠাচ্ছি। এটা আমি বলছি না, গীতাতে শ্রীকৃষ্ণ বলেছিলেন।”
৩০ সেকেন্ডের এই দুটি দৃশ্য পোস্ট করে এক টুইটার ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, “ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড’-এর প্রোমো সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি এবং ধর্মীয় বিতর্কের আশঙ্কায় সংলাপও মুছে ফেলা হয়েছে। সিবিএফসি’র কি এটা করা ঠিক হয়েছে? দেখুন আর সিদ্ধান্ত নিন।”
তবে দিল্লিতে সংবাদমাধ্যমকে পরিচালক রাজ কুমার গুপ্তা জানান, দৃশ্যগুলো মুছে ফেলা হয়েছে।
সম্প্রতি সিনেমাটি ছাড়পত্রের জন্য সিবিএফসি’তে প্রদর্শিত হয়েছে। এরপরই জানানো হয়, কোরআন ও গীতা থেকে দেওয়া উদ্ধৃত ও উদাহরণ বাদ দিতে হবে সিনেমা ও টিজার থেকে।
বর্তমানে সিবিএফসি’র প্রধান হিসেবে আছেন গীতিকার প্রসুন জোশি। তিনি চান না কোনো ধরনের স্পর্শকাতর বিষয় নিয়ে ঝামেলায় জড়াতে।
ছবিটি বাস্তব চরিত্র ইয়াসিন ভাটকলের জীবন নিয়ে নির্মিত হয়েছে। যেখানে দেখা যাবে পাঁচজন সাধারণ মানুষ ভারতের সবচেয়ে ভীতিকর সন্ত্রাসবাদীকে ধরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। গড়পড়তা বাণিজ্যিক সিনেমার মতো নেই কোনো প্রধান নারী চরিত্র।
‘ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড’ মুক্তি পাবে ২৪ মে।