পরকীয়া প্রেমের প্রতিবাদ করায় প্রতিবেশীর ছুরিকাঘাতে নেত্রকোনায় শাহিনুর নামে এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত পরিবারের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে।
শনিবার ভোর রাতে সাহরির সময় নেত্রকোনা পৌর শহরের সাতপাই রেল কলোনি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শাহিনুর সালাম মিয়ার স্ত্রী। তিনি ৩ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে পরিবার জানায়।
স্থানীয়রা জানায়, রেল কলোনি এলাকার ইদ্রিস মিয়ার ছেলে সোহেল ও অর্জুন মিয়ার বিবাহিত কন্যার সাথে পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় পরকীয়ার বিষয়টি প্রত্যক্ষদর্শী শাহিনুরসহ স্থানীয়রা প্রতিবাদ করাতে ক্ষিপ্ত হয়ে সাহরির সময় সোহেল মিয়া, এরশাদ, বোরহান, বাবুসহ বেশকজন শাহিনুরকে ছুরিকাঘাত করে।
এ সময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযুক্ত পরিবারের ৮ সদস্যকে আটক করেছে।
এদিকে শাহিনুরের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানায় নিহতের পরিবারসহ প্রতিবেশীরা।