শুরুতে বলা হয়েছিল মালায়ালাম তারকা দুলকার সালমানের হিন্দি সিনেমা ‘দ্য জোয়া ফ্যাক্টর’ মুক্তি পাবে ৫ এপ্রিল। এরপর কয়েক মাস পিছিয়ে ১৪ জুন ঠিক করা হয়। এখন শোনা যাচ্ছে, নতুন তারিখেও মুক্তি পাচ্ছে না।
এর আগে ইরফান খানের সঙ্গে ‘কারওয়ান’ সিনেমায় অভিনয় করেছেন দুলকার। ‘দ্য জোয়া ফ্যাক্টর’ হতে যাচ্ছে দ্বিতীয় বলিউড সিনেমা। বিপরীতে আছেন সোনম কে আহুজা।
আনুজা চৌহানের একই নামের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে। যেখানে দুলকারকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের চরিত্রে দেখা যাবে। আর অ্যাডভারটাইজিং এজেন্সির নির্বাহী চরিত্রে আছেন সোনম।
মিড ডে’র এক প্রতিবেদনে জানানো হয়, বিশ্বকাপ ক্রিকেটের কারণে ‘দ্য জোয়া ফ্যাক্টর’ আপাতত মুক্তি পাচ্ছে না। সেপ্টেম্বরের কোনো এক শুক্রবার দর্শকদের সামনে হাজির হবে।
প্রথমবার শুটিং পরবর্তী কাজে দেরি হওয়ার জন্য পিছিয়ে গেলেও এবার কিন্তু সিনেমাটি মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। ট্রেলার মুক্তি পাবে জুলাইয়ের শেষ দিকে।
‘দ্য জোয়া ফ্যাক্টর’ পরিচালনা করেছেন অভিষেক শর্মা। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন সোনমের চাচা সঞ্জয় কাপুর।