রাজধানীর কালশী এলাকার জলাবদ্ধতা নিরসনে কালশী থেকে বাউনিয়া খাল পর্যন্ত ১১৮৮ মিটার দীর্ঘ যে বাইপাস ড্রেন নির্মাণ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) তার ৯০ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
গতকাল শনিবার দুপুরে কাজের অগ্রগতি পরিদর্শনকালে এ কথা জানিয়ে তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে পুরো কাজ সম্পন্ন হবে। আশা করা হচ্ছে, এই পাইপ ড্রেন নির্মাণ শেষ হলে কালশীবাসী বর্ষাকালে জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পাবে।
মেয়র আতিকুলের উদ্যোগে এ ড্রেনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৫ কোটি টাকা। পরিদর্শনকালে তার সঙ্গে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, ওয়ার্ড কাউন্সিলর মোবাশ্বের চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফ উদ্দিন, নির্বাহী প্রকৌশলী এনামুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
জনদুর্ভোগ লাঘবে ওয়াসার মালিকানাধীন সাংবাদিক কলোনি খাল ও মুসলিম বাজার খাল ইতোমধ্যে পরিষ্কার করা হয়েছে ডিএনসিসি মেয়র আতিকুলের উদ্যোগে।