গত বছর ঘরের মাঠে ভারতের কাছে ৫-১ ব্যবধানে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। আগুন ঝড়া বোলিং করেও দলকে জেতাতে পারেননি ওই সময়ে অভিষেক সিরিজ খেলতে নামা লুঙ্গি এনগিডি। ওই সিরিজের পর ভারতের মুখোমুখি হয়নি প্রোটিয়ারা। সেই সুযোগটা আসছে ৫ জুন। সাউদাম্পটনের রোজ বোলে ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে নামবে দক্ষিণ আফ্রিকা। ওই লড়াইয়ে দেশের মাটিতে হারের বদলা নিতে চান এনগিডি। ওই ম্যাচটিকে ‘মনের ঝাল মেটানোর ম্যাচ’ বললেন এই পেসার।
গত বছরের ওই সিরিজে ইনজুরির কারণে খেলতে পারেননি ফ্যাফ ডু প্লেসিস, এবি ডি ভিলিয়ার্স ও কুইন্টন ডি কক। তিন তারকা থাকলে সিরিজটি অন্যরকম হতো বলে মনে করেন এনগিডি। বিশ্বকাপে পুরো শক্তির প্রোটিয়ারা লড়বে ভারতের বিপক্ষে। এবার ভারতকে লড়াই ফিরিয়ে দিতে চান তিনি, ‘ভারত ম্যাচের অপেক্ষায় আছি। আমাদের মাটিতে দারুণ সিরিজ কাটিয়েছিল তারা। এবার বিশ্বকাপে তাদের পাওনাটা ফিরিয়ে দিতে হবে। এটা রোমাঞ্চকর ম্যাচ হবে আমার জন্য ও দলের সবার জন্য। ভারত খুব ভালো দল। আমাদের মাটিতে ওরা খুব ভালো সিরিজ কাটিয়েছে কিন্তু ওই সময় আমাদের কয়েকজন সেরা ক্রিকেটার ছিল না। এবার তারা দলে ফিরেছে। দেখা যাক আমাদের সেরা দলের সঙ্গে ওরা কেমন খেলে।’