অভিজ্ঞতাই এগিয়ে রাখবে অস্ট্রেলিয়াকে

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তারা। অথচ সেই শিরোপা ধরে রাখা বিরাট চ্যালেঞ্জের হয়ে যায় অস্ট্রেলিয়ার জন্য। বিশ্বকাপের এক বছর আগে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের বল টেম্পারিং কা-, নেতৃত্বশূন্য হয়ে পড়া, ঘরের মাঠে ভারতের কাছে সিরিজ হার হজম করতে হয়। যদিও সেই অন্ধকারাচ্ছন্ন সময় থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে দলটি। সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানের বিপক্ষে পরপর দুটি অ্যাওয়ে সিরিজ জিতেছে স্মিথ-ওয়ার্নারকে ছাড়াই। সুবাদে আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপে যেতে পারছে অজিরা। দলটির অভিজ্ঞ কোচিং স্টাফ অস্ট্রেলিয়াকে এভাবে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে বলে মনে করেন অ্যালেক্স ক্যারে। তরুণ এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের বিশ্বাস, অভিজ্ঞদের পরামর্শেই তারা বিশ্বকাপের কঠিন চ্যালেজ্ঞ মোকাবিলা করবেন।

অজিদের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। সহযোগী কোচ হিসেবে যোগ দেবেন রিকি পন্টিং। ফিল্ডিং কোচ হিসেবে আছেন ব্র্যাড হাডিন। পন্টিং ও হাডিনের আছে বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা। এ ছাড়া দলের সদস্যদের মধ্যে স্মিথ, ওয়ার্নার, মিচেল স্টার্ক, অ্যারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েলদের গত বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা আছে। ইংল্যান্ডে এ অভিজ্ঞতাগুলোই অস্ট্রেলিয়ার কাজে লাগবে বলে মনে করেন ক্যারে, ‘আমাদের দলটা বেশ ভারী প্রোফাইলে ভর্তি। রিকি পন্টিং আছেন, হাডিন আছেন। এ ছাড়া দলে বেশ কয়েকজন ক্রিকেটার আছেন যারা গত বিশ্বকাপ জিতেছেন। এই রকম কন্ডিশনে কীভাবে চাপ সামলাতে হয় তা তাদের জানা আছে। আমরা তরুণরাও তাদের কাছ থেকে শিখছি। এই অভিজ্ঞতাই আমাদের কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করবে।’

মাত্র ১৯টি ওয়ানডে খেলেই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে গেছেন ক্যারে। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপের দলের পরিকল্পনার ব্যাপারে বলতে গিয়ে জানান, ‘গত আটটি ম্যাচ আমরা শক্ত প্রতিপক্ষের সঙ্গে টানা জিতেছি। একটা নির্দিষ্ট পরিকল্পনায় আমরা এগিয়েছি। এতে করে বিপক্ষের মাঠে এমন সাফল্য এসেছে। আমরা নিজেদের শক্তির দিকগুলো নিয়েই আলোচনা করি। ম্যাচে নিজেদের ভালো দিকগুলোই কাজে লাগানোর চেষ্টা করি। বিপক্ষ ও তাদের শক্তির দিকগুলো নিয়ে আমরা তেমন ভাবি না। বিপক্ষকে নিয়ে ভাবলেই আমাদের পরিকল্পনা অন্যদিকে সরে যায়। বিশ্বকাপেও এটাই আমাদের লক্ষ্য থাকবে।’

১ জুন আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু করবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এর আগে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।