এফএ কাপও ম্যানসিটির

ইংল্যান্ডের সবচেয়ে প্রাচীন নক আউট প্রতিযোগিতা এফএ কাপের ফাইনালে গতকাল রাতে ম্যানচেস্টার সিটি ৬-০ গোলের বড় জয় পেয়েছে ওয়াটফোর্ডের বিপক্ষে। ম্যাচে হ্যাটট্রিক করেন রাহিম স্টার্লিং। এ ছাড়া একটি করে গোল করেন ডেভিড সিলভা, কেভিন ডি ব্রুইন ও গ্যাব্রিয়েল জেসুস। এই মৌসুমে এটি তাদের তৃতীয় ঘরোয়া শিরোপা। প্রথম দল হিসেবে ইংল্যান্ডের ঘরোয়া ত্রিমুকুট জিতল পেপ গার্দিওলার দল।

ত্রিমুকুট জয়ের শুরুটা গত ফেব্রুয়ারিতে। পেনাল্টি শুট আউটে চেলসিকে হারিয়ে লিগ কাপ জিতেছিল ম্যানচেস্টার সিটি। এরপর লিভারপুলের চেয়ে এক পয়েন্ট এগিয়ে থেকে জিতে নিয়েছে লিগ শিরোপাও। আর গতকাল ওয়াটফোর্ডকে হারিয়ে ২০১১ সালের পর আবারও এফএ কাপের শিরোপা ঘরে তুলল সিটিজেনরা। ম্যাচের শুরু থেকেই ওয়াটফোর্ডকে চাপে রাখে পেপ গার্দিওলার দল। প্রথমার্ধের ২৬ মিনিটে গোল করেন সিলভা। ৩৮ মিনিটে নিজের প্রথম গোলটি করেন স্টার্লিং। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যানসিটি। এরপর ৬১ মিনিটে ডি ব্রুইন ও ৬৮ মিনিটে জেসুস গোল করলে ব্যবধান দাঁড়ায় ৪-০তে। কিন্তু ৮১ ও ৮৭ মিনিটে আরও দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন স্টার্লিং।