মালয়েশীয় উপমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

মালয়েশিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রী লিউ চিন টংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। গত ১৬ মে তারা সেখানে মালয়েশিয়ার স্থাপিত ফিল্ড হাসপাতালও ঘুরে দেখেন। একই সঙ্গে ক্যাম্পের বাসিন্দা, স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন এনজিও প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

রোহিঙ্গারা মালয়েশিয়ার উপমন্ত্রীর কাছে আসিয়ানভুক্ত দেশসমূহের মাধ্যমে এই মানবিক বিপর্যয়ের সমাধানের জন্য অনুরোধ জানান। প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের আমন্ত্রণে গত ১৪ মে প্রতিনিধি দলটি বাংলাদেশে আসে। সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে ও সেনাবাহিনীর আয়োজনে এই সফর। প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও সফরকারীদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়।