সবাইকে অবাক করে অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচনে ক্ষমতাসীন মধ্য-ডানপন্থী জোট জয় পেয়েছে। এই জোটের প্রধান নেতা প্রধানমন্ত্রী স্কট মরিসন নিজেই এই জয়কে ‘অলৌকিক’ বলেছেন।
সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি সব সময় এমন অলৌকিকে বিশ্বাস করি।’
বিরোধী লেবার পার্টির নেতা বিল শর্টেন পরাজয় মেনে নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বিবিসি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল থেকে এই ভোট গ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ৬টায় ভোট শেষ হয়।
সামনের কয়েক ঘণ্টায় ফলাফলের বিস্তারিত জানার সম্ভাবনা নেই। তবে ধারণা করা হচ্ছে মরিসনের লিবারেল-ন্যাশনাল জোট ৭০ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছে। অপরদিকে প্রতিদ্বন্দ্বী লেবার পার্টি ৬৬টি আসন পেতে যাচ্ছে।
অস্ট্রেলিয়ায় ভোট দেওয়া বাধ্যতামূলক। এ বছর রেকর্ড এক কোটি ৬৪ লাখ ভোটার ভোট দিয়েছেন।
দেশটিতে প্রতি তিন বছর পরপর জাতীয় নির্বাচন হয়। কিন্তু ২০০৭ সালের পর এখন পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী তার মেয়াদ শেষ করতে পারেননি।
এবার বুথ ফেরত জরিপগুলোতে ছয় বছর পর অল্প ব্যবধানে লেবার দল জয় পেতে যাচ্ছে বলে আভাস দেওয়া হয়েছিল, কিন্তু তা হয়নি।