হামলাকারীর ফ্লাইং কিকে আহত শোয়ার্জনেগার (ভিডিও)

টার্মিনেটর তারকা আর্নল্ড শোয়ার্জনেগারকে আচমকা হামলা করেছে এক দুর্বৃত্ত। দক্ষিণ আফ্রিকায় একটি অনুষ্ঠানে হলিউড তারকাকে ফ্লাইং কিক মারে ওই হামলাকারী।

৭১ বছর বয়সী বিশ্বখ্যাত এই হলিউড ব্যক্তিত্ব ক্লাসিক আফ্রিকা অনুষ্ঠানে তার ভক্তদের মধ্যে ছিলেন। তখন মোবাইল ফোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলেন।

এ সময় পেছন দিক থেকে ক্যালিফোর্নিয়ার সাবেক এই গভর্নরকে উড়ন্ত লাথি মারলে সেখানেই পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা হামলাকারীকে জাপটে ধরেন।

আয়োজকেরা জানিয়েছেন, আচমকা লাথিতে অভিনেতা কিছুটা আহত হয়েছেন। তবে গুরুতর কিছু নয়।

হামলাকারীকে পুলিশে হস্তান্তর করা হয়েছে। কী কারণে তার ওপর হামলা করা হল, সেটি জানা যায়নি।

শোয়ার্জনেগার পৃথিবীব্যাপী পরিচিতি লাভ করেন ‘দ্য টার্মিনেটর’ চলচ্চিত্রের মাধ্যমে। এ ছাড়া ‘কোনান দ্য বার্বারিয়ান’, ‘প্রিডেটর’ তার বহুল আলোচিত চলচ্চিত্র। একাধারে তিনি একজন অভিনেতা, বডিবিল্ডার, মডেল ও রাজনীতিবিদ।