যে কারণে মুসলিম হয়েছিলেন ৩ ভিক্টোরিয়ান

ভিক্টোরীয় যুগে ব্রিটিশদের মধ্যে খ্রিষ্টধর্মের আধিপত্য ছিল প্রায় একচেটিয়া। সেই সময় সব বাধা উপেক্ষা করে মুসলিম ধর্ম গ্রহণ করেন তিন অগ্রপথিক। বিবিসির একটি প্রতিবেদনে উঠে এসেছে তাদের ইসলাম ধর্ম গ্রহণের কারণ।

১৮৮৭ সালে প্রথম ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হন উইলিয়াম হেনরি কুইলিয়াম। ভূমধ্যসাগরে অবকাশ যাপনের সময় একটি খেয়ায় মরোক্কানদের প্রার্থনা দেখে তিনি ইসলাম ধর্ম জানার আগ্রহ প্রকাশ করেন। সেই থেকে এক সময় নিজেও এই ধর্ম পালনের সিদ্ধান্ত নেন।

কুইলিয়াম যখন ইসলামের পথে পা বাড়ান, তখন তার বয়স ছিল ৩১ বছর। কয়েক বছর পর তার এক বক্তব্যে তিনি বিষয়টি এভাবে ব্যাখ্যা করেন, ‘প্রার্থনার সময় তাদের মুখের দিকে তাকিয়ে গভীরভাবে আচ্ছন্ন হয়ে পড়ি। তাদের মুখের ভাব আমার হৃদয় ছুঁয়ে যায়।’

ওই ঘটনার পর কুইলিয়াম মরক্কোর একটি দ্বীপে যান। সেখানে মুসলমানদের সঙ্গে আলাপ করে ধর্ম পরিবর্তন করেন। ইসলাম সম্পর্কে তার অনুধাবনটা ছিল এমন, ‘আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। ব্যক্তিগতভাবে অনুভব করেছি এটা আমার বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক নয়।’

এরপর তিনি নিজের নামের সঙ্গে আবদুল্লাহ যোগ করেন। ওই বছর ইংল্যান্ডে ফিরে প্রচারক হিসেবে পরিচিতি পান। তিনিই প্রথম সে দেশের লিভারপুল শহরে একটি মসজিদ স্থাপন করেন।

লেডি ইভলিন কোববোল্ড: ভিক্টোরীয় যুগে বিখ্যাত ব্যক্তিদের মধ্যে মুসলিম হওয়ার দ্বিতীয় উদাহরণ ইভলিন। অভিজাত পরিবারের এই নারী তার ছেলেবেলার অনেকটা সময় কাটিয়েছেন স্কটল্যান্ড এবং উত্তর আফ্রিকায়।

ইসলাম ধর্ম গ্রহণ করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি একবার লিখেছিলেন, ‘আরবি ভাষা শেখার পর আমি গৃহশিক্ষিকাকে ছেড়ে দেই। ওই সময় আলজেরিয়ান বন্ধুদের সঙ্গে মসজিদে যেতাম। অবচেতন মনে নিজেকে মুসলিম ভাবতে থাকি।’

রবার্ট স্ট্যানলি: স্ট্যানলি মুসলমান হন ৭০ বছর বয়সে। তার মুসলমান হওয়ার কারণ জানা যায় লংডেন নামের এক লেখিকার বই থেকে।

তিনি লিখেছেন, ১৮৯০ সালের শেষ দিকে স্ট্যানলি কুইলিয়ামের সঙ্গে দেখা করেন। ওই সময় কুইলিয়ামের থেকে ২৮ বছরের ছোট তিনি। কুইলিয়ামের উৎসাহে ১৮৯৮ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন।