নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৪ বছরের ১ কিশোরীকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগে মিন্টু (৪৩) নামে এক ভণ্ড কবিরাজ ও তার সহযোগী মাহাদী হাসান খানকে(২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য রোববার সকালে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছে।
আটক ভণ্ড কবিরাজ মিন্টু সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকার আবদুল বারেকের ছেলে। আর সহযোগী হাসান মাহাদী খান রংপুর জেলার কোতোয়ালি থানার সাহেবগঞ্জ এলাকার অজিত খানের ছেলে। সে সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার ভাড়াটিয়া।
ধর্ষিতার পরিবারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আহমেদ জানায়, চিকিৎসা করার জন্য গোদনাইল ২ নম্বর ঢাকেশ্বরী এলাকার ওই কিশোরী জিন সাধক কবিরাজ মিন্টুর কাছে আসা যাওয়া করতো।
সে সুবাদে গত ৮ মে কবিরাজ মন্টু ওই কিশোরীকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে কুমিল্লা জেলার একটি অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে তাকে আবার সিদ্ধিরগঞ্জের কদমতলি এলাকায় এনে একটি বাড়িতে আটক করে রাখে।
গোপন সূত্রে তার অবস্থান নিশ্চিত হয়ে শনিবার বিকেলে কিশোরীকে উদ্ধারসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারের পর কিশোরী জানায় তাকে ধর্ষণ করা হয়েছে।
তিনি আরো জানান, ৯ মে অপহৃত কিশোরীর পিতা থানায় সাধারণ ডায়েরি করে। এর সূত্র ধরেই পুলিশ তদন্ত শুরু করে তাকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়েছে।