এবারের আসরে শুরু থেকেই বিশ্বের নামিদামি তারকারা লালগালিচায় পা রাখছেন। এরই মধ্যে বলিউড ও হলিউডের অনেক তারকাই হাজির হয়ে মুগ্ধতা ছড়িয়েছেন। কান চলচ্চিত্র উৎসবের পঞ্চম দিন ছিল গত শনিবার। এদিন নজর কাড়েন অস্কারজয়ী হলিউড তারকা পেনিলোপে ক্রুজ এবং জনপ্রিয় তারকা দম্পতি নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। পেনিলোপে সাদার ওপর হালকা নীল প্রিন্টের একটি সাধারণ গাউনে রেড কার্পেটে উপস্থিত হন। পোশাকের সঙ্গে মিল রেখে বেশ ছিমছাম সাজ দিয়েছিলেন তিনি। আর কানেও প্রিয়াঙ্কার সঙ্গী হন স্বামী বিখ্যাত গায়ক নিক জোনাস। প্রিয়াঙ্কার লম্বা টেইল কাটের সাদা গাউন আর নিকের পরনে সাদা স্যুট খুব মানিয়েছে। দুজনকেই খুব স্নিগ্ধ লেগেছে। এই তারকারা রেড কার্পেটে আসতেই ফটোগ্রাফাররা হুমড়ি খেয়ে পড়েন ছবি তুলতে। এদিন রেড কার্পেটে আরও হাজির হয়েছিলেন দীপিকা পাড়–কোন, কঙ্গনা রানাউত, পেড্রো এলমনড্রাভার, আলেকজান্দ্রে গঞ্জালেস, নোরা নাভাস, এন্টোনিও বেনডারাস, এমিলি বেকহ্যামসহ বেশ কজন তারকা।