খুলনায় আন্দোলনরত রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের দাবির প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন করেছে মহানগর বিএনপি। গতকাল রবিবার দুপুর ১২টায় নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিসহ দলটির স্থানীয় নেতারা।
বক্তরা বলেন, শ্রমিকরা কারও দয়া-দাক্ষিণ্য চায় না। তারা মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত উৎপাদনের ন্যায্য মজুরি চায়। ১৪ সপ্তাহের মজুরি বকেয়া থাকায় শ্রমিকদের পরিবারে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। অভাবে-অনটনে, রোগে-শোকে, হতাশায়-দুশ্চিন্তায়, অনাহারে-অর্ধাহারে শ্রমিক পরিবারের সদস্যরা মানবেতর দিনযাপন করছে। শ্রমিকদের নিয়ে রাজনৈতিক স্ট্যান্ডবাজি ও বাগাড়ম্বরতা বন্ধের আহ্বান জানান তারা।
অর্থমন্ত্রী ও পাটমন্ত্রীর তীব্র সমালোচনা করে বক্তরা বলেন, বেতন-ভাতার ন্যায়সংগত দাবিতে পাটকল শ্রমিকরা রাস্তায়। ধানের দাম না পেয়ে বিক্ষুব্ধ কৃষকরা রাস্তায়। নারী-শিশু নির্যাতন ও ধর্ষণ মহামারীর রূপ নেওয়ায় সম্ভ্রমের নিরাপত্তার দাবিতে নারীরা আন্দোলনে রাস্তায়। যোগ্যতা অনুযায়ী চাকরি ও কোটা প্রথার বাতিলের দাবিতে বেকার ছাত্রসমাজ রাস্তায়। শেয়ারবাজার লুটের প্রতিবাদে নিঃস্ব হয়ে যাওয়া হাজার হাজার বিনিয়োগকারী রাস্তায়। প্রজাতন্ত্রের মালিক যে জনগণ, সেই জনগণকে রাস্তায় রেখে মধ্যরাতের ডাকাতির নির্বাচনে ক্ষমতা দখলকারীরা নিশ্চিন্তে গদি আঁকড়ে বসে থাকবেনÑ তা হতে পারে না। পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাদ্যপণ্যে ভেজাল নিয়ন্ত্রণে ব্যর্থ অযোগ্য নিষ্ক্রিয় সরকারের পদত্যাগ ও মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার দাবি জানান বক্তারা।