বাঘাবাড়ী ঘি কারখানা সিলগালা ও ১২ লাখ টাকা জরিমানা

বোতলে ঘিয়ের বদলে ডালডা ভরে ক্রেতাদের ঠকানোর দায়ে ‘অমিত ঘোষের বাঘাবাড়ী’ ঘি কারখানাকে ১২ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-৩ ভ্রাম্যমাণ আদালত। এছাড়া নিজস্ব পরীক্ষাগার না থাকা ও হাইকোর্টের নির্দেশ অমান্য করায় ‘অনিল ঘোষের বাঘাবাড়ী স্পেশাল গাওয়া ঘি’কে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল রবিবার রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় প্রতিষ্ঠান দুটির কারখানায় অভিযান চালায় র‌্যাব-৩। এ সময় র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।

গুলশানে হিলটন হোটেলকে লাখ টাকা জরিমানা : অভিজাত এলাকা গুলশানে নির্মাণাধীন হিলটন হোটেলকে রাস্তা ও ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী রাখায় ১ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এছাড়া ফুটপাতে জেনারেটর ও অন্যান্য সামগ্রী রাখায় ‘আমিন জুয়েলার্স’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হামিদ মিয়ার নেতৃত্বে গুলশান এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়।