রাজধানী ঢাকার হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের কাভার্ডভ্যান ছিনতাইকারী চক্রের সদস্য বলে দাবি করেছে র্যাব।
রোববার দিবাগত রাত পৌনে ৩টার দিকে মধু সিটির সামনে কথিত এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) চান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা এখন এর বেশি কিছু জানাতে পারব না।”
জানা গেছে, নিহত দুজনের একজন কাভার্ডভ্যান চালক এবং আরেকজন হেলপার। তবে তাদের নাম-পরিচয় পুলিশ নিশ্চিত হতে পারেনি।
নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।