দ্বিতীয় খুনের আগে পরিকল্পনা ফাঁস করলেন প্রেমিক

একটি খুন করিয়ে সন্তুষ্ট হতে পারেননি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ভ্যালেরি সিনসিনেলি। সাবেক স্বামীর পর চেয়েছিলেন প্রেমিকের মেয়েকে পরপারে পাঠাতে। কিন্তু তার আগেই ফাঁস হয়ে যায় সব।

গত সপ্তাহে গ্রেফতার হওয়া ৩৪ বছরের ভ্যালেরি পেশায় পুলিশ। এফবিআই জানায়, প্রেমিককে নিজের চক্রান্তে জালে আটকে ফেলে ভ্যালেরি। কিন্তু প্রেমিকই গোয়েন্দাদের কাছে সব ফাঁস করেন।

এরপর ভ্যালেরিকে ধরতে ফাঁদ পাতে এফবিআই ও নিউইয়র্ক পুলিশ। শুক্রবার ভ্যালেরিকে কোর্টে তোলা হলে জামিন অযোগ্য ধারায় ১০ বছরের কারাদণ্ড হয়।

কোর্ট জানায়, সাবেক স্বামী ও প্রেমিকের কিশোরী মেয়েকে খুনের ছক কষে ভ্যালেরি। ভাড়াটে খুনিকে পারিশ্রমিক দিতে ব্যাংক থেকে ৭ হাজার ডলার তোলে। প্রেমিককে দিয়ে তা সোনার মুদ্রায় বদলে নেয়।

মে মাসের গোড়ায় প্রথমে সাবেক স্বামীকে খুনের ফন্দি আঁটে। এক সপ্তাহ বা এক মাস পর ছিল দ্বিতীয় খুনের ছক। মেয়েকে খুনের কথা উঠতেই বেঁকে বসেন প্রেমিক। ভ্যালেরিকে না জানিয়ে গোয়েন্দাদের দ্বারস্থ হন।

এর মাঝে একাধিকবার ফোনে বা সাক্ষাতে খুনের চক্রান্ত চলছিল। দেখা করার সময়ে শরীরে রেকর্ড-যন্ত্র লাগিয়ে রাখতেন ভ্যালেরির প্রেমিক। ফোনেও সব রেকর্ড করতেন। কথা হয়, ওই ভ্যালেরির স্বামী খুন হবেন লং আইল্যান্ডে, তার অফিসের কাছে। নিউ জার্সিতে প্রেমিকের মেয়েকে দেখা গিয়েছে জেনে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার নির্দেশ দেয় ভ্যালেরি।

শুক্রবার পুলিশ ভ্যালেরিকে জানায়, খুন হয়েছেন তার সাবেক স্বামী। পুলিশ যেতেই ফোন যায় প্রেমিকের কাছে। জেরায় কী জবাব দিলে সন্দেহ হবে না তা নিয়ে প্রেমিকের পরামর্শ চায় ভ্যালেরি। ইতিমধ্যে ভাড়াটে গুন্ডা পরিচয় দিয়ে প্রেমিককে মেসেজ করেন এক গোয়েন্দা। মেয়েকে খুনের জন্য অতিরিক্ত ৩ হাজার ডলার চাওয়া হয়। প্রেমিককে সেটি মুছে ফেলার নির্দেশ দেয় ভ্যালেরি। এরপর যাবতীয় তথ্য-প্রমাণ যাচাই করে ওই পুলিশকে হেফাজতে নেয় এফবিআই।