ফলের বাজার নজরদারিতে সাত দিনের মধ্যে কমিটি গঠনের নির্দেশ

রাজধানীসহ সারা দেশের ফলের বাজার ও আড়ত নজরদারিতে সাত দিনের মধ্যে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আমসহ অন্যান্য ফল পাকানো বা সংরক্ষণে ক্ষতিকর রাসায়নিকের প্রয়োগ ঠেকাতে এই নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ মহাপরিদর্শক, বিএসটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক, র‌্যাবের মহাপরিচালক, বিএসটিআইয়ের কেমিক্যাল টেস্টিং উইংয়ের পরিচালককে এ নির্দেশ দিয়ে আগামী ১৮ জুন বাস্তবায়ন প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বেঁধে দেওয়া সময়ের মধ্যে কমিটি গঠনের মাধ্যমে ফলের বাজার নজরদারির প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ সংশ্লিষ্টদের এ আদেশ দেন।

আদালতে শুনানি করেন রিটকারী পক্ষের হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) সভাপতি আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল বাশার।