ম্যাট্রিক্স স্টার কিয়ানু রিভস ফিরছেন অ্যাকশন সিরিজ জন উইকে। থ্রিলার সিনেমাটির তৃতীয় সিক্যুয়ালে দেখা যাবে তাকে। সম্প্রতি এক টিভি শোতে নিজের প্রেম নিয়ে খোলাখুলি বললেন এ হলিউড অভিনেতা।
মাসালা ডট কম জানায়, এক সময় সান্দ্রা বুলকের প্রেমে মজেছিলেন রিভস। দ্য অ্যালেন ডিজেনারেস শো'তে অতিথি হয়ে এ কথা স্বীকার করেন তিনি।
এ অভিনেতা জানান, ১৯৯৪ সালে স্পিড সিনেমার সেটে সান্দ্রার প্রেমে পড়েন তিনি। সান্দ্রাও স্বীকার করেছিলেন বিষয়টি।
এর আগে এক সাক্ষাৎকারে সান্দ্রা বলেন, “কী দারুণ এবং অসাধারণ ছিলেন রিভস।”
একে অপরের প্রেমে পড়লেও কেন তারা সম্পর্কে জড়াননি এমন প্রশ্নে সান্দ্রা জানিয়েছিলেন, আসলে সেই সময়ে সম্পর্কে জড়ানোটা আমার জন্য কঠিন ছিল। তা ছাড়া আমার মধ্যে হয়তো এমন কিছু সে দেখেছিল, যা সে পছন্দ করতো না।
সান্দ্রার এমন মন্তব্যে রিভস বলেন, “আসলে সে জানতই না, তার প্রতি আমার দুর্বলতা ছিল। শো'তে সান্দ্রা নিয়ে আগাগোড়া প্রশংসাই করেন তিনি। স্পিড স্টার বলেন, “তার সঙ্গে কাজ করাটা অসাধারণ। সে যেমন দারুণ একজন মানুষ, তেমনি দারুণ অভিনেত্রী।”
তিনি আরও বলেন, “ধারণা করছি, সে এখন আরেকজনের সঙ্গে প্রেম করছে। অতএব পুরোনো সেই বিষয়টি এখন ইতি ঘটেছে।”